কর্ণাটকে হিজাব বিতর্ক: যেভাবে ছড়াল প্রতিবাদের স্ফুলিঙ্গ
কর্ণাটকে হিজাব বিতর্ক: যেভাবে ছড়াল প্রতিবাদের স্ফুলিঙ্গ
মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে বিতর্কের জেরে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে স্কুল এবং কলেজ বন্ধ করা হয়েছে।
মুসলিম ছাত্রীদের শ্রেণিকক্ষে হিজাব পরার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন সহিংসতায় রূপ নেওয়ায় দক্ষিণ ভারতের ওই রাজ্যের সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। হিজাব পরার পক্ষে আদালতের অনুমতি চেয়ে মুসলিম মেয়েদের একটি পিটিশনের শুনানি বুধবার কর্ণাটকের হাইকোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কর্ণাটকের সরকারি একটি কলেজে হিজাব পরা নিয়ে মুসলিম ছাত্রীদের আন্দোলন অন্যান্য কলেজে ছড়িয়ে পড়ার পর ছয়জন ছাত্রী আদালতে ওই পিটিশন দায়ের করেছেন। মুসলিম নারীদের হিজাবের বিরুদ্ধে সেখানকার কয়েকটি হিন্দু সংগঠন গেরুয়া ওড়না পরে পাল্টা আন্দোলন শুরু করেছে। গেরুয়া ওড়নাকে ভারতের কট্টর হিন্দুত্ববাদের প্রতীক হিসাবে দেখা হয়।
১৫ বছর বয়সে নারী শিক্ষার অধিকারের পক্ষে কথা বলার জন্য পাকিস্তানে তালেবানের হামলায় বেঁচে যাওয়া মালালা ইউসুফজাই মঙ্গলবার মুসলিম নারীদের প্রান্তিককরণ বন্ধে ব্যবস্থা নিতে ভারতীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ভারতে এই বিতর্ক সংখ্যালঘু মুসলিমদের মাঝে ভয় এবং ক্ষোভ বৃদ্ধি করেছে। তারা বলেছেন, দেশের সংবিধান তাদের পছন্দ অনুযায়ী পোশাক পরার নিশ্চয়তা দিয়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, একদল উন্মত্ত যুবক বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বোরকা পরা এক ছাত্রীকে হেনস্তা করছে। এ সময় হিজাব এবং গেরুয়া ওড়না পরা ছাত্রীদের উত্তপ্ত বাক্য-বিনিময় হয়।
বিরল এক পদক্ষেপ হিসাবে কর্ণাটকের আদালতের বিচারক পিটিশনের শুনানির সময় শিক্ষার্থী এবং অন্যান্যদের রাজ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

No comments